শুক্রবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩(৪) অনুযায়ী এ দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কে কোন দায়িত্ব পেলেন
আবদুল মঈন খান — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
সাচিং প্রু জেরী — পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
হুমায়ুন কবির — পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোহাম্মদ শামীম কায়সার লিংকন — ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়েন। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। ওই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী করা হয়েছে। গত ১ জুন দীপেন দেওয়ানের পদত্যাগের পর এ পদটি শূন্য ছিল।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আগের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যৌথভাবে এ দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।
মন্ত্রিসভার আকার বেড়ে ৫২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। সেদিন প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন।
পরে প্রতিমন্ত্রী কায়সার কামাল ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। সর্বশেষ নতুন নিয়োগ ও দায়িত্ব পুনর্বণ্টনের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























