ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের ধারা অব্যাহত রাখতে এবং রাজশাহী জাগো ফাউন্ডেশনের স্কুলের স্থায়ী ক্যাম্পাস ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারের খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর আসাম কলোনীতে জাগো ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্কুল পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন।
ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত এলাকার স্থানীয় শিশুদের শিক্ষার অধিকার সুসংগঠিত করতে এবং তাদের কর্মসংস্থানমূখী শিক্ষাকে টিকিয়ে রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ লক্ষ্যে নতুন রাস্তার পাশে বা রেলওয়ের পাশে সুবিধাজনক খাস জমি বরাদ্দের জন্য আবেদন করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে, যার অধিকাংশেরই কার্যক্রম চলছে সিটি কর্পোরেশনের জায়গায়। ইতোপূর্বে মেয়র থাকাকালীন সময়ে এই স্কুলগুলোর জন্য ৩টি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেছিলেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ জানান, রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলে প্রায় ৭০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণিতে পড়াশোনা করছে।

রায়হান রোহানঃ 





















