বাগমারায় নবাগত ইউএনও হিসাবে যোগদান করেছেন এ,এফ,এম আবু সুফিয়ান। মঙ্গলবার তিনি বাগমারায় যোগদান করে বিদায়ী ইউএনও সাইদা খানমের কাছে দায়িত্বভার বুঝে নেন। সাইদা খানম মাত্র তিন মাসের মাথায় বদলী হয়ে বগুড়ার শাহজাহানপুরে যোগদান করেন। ইউএনও অফিস সূত্রে জানা গেছে, বিশাল উপজেলায় দায়িত্ব গ্রহন করে হিমসিম খাওয়ার অবস্থায় মাত্র তিন মাসের মাথায় বদলী হন ইউএনও সাইদা খানম। তার কিছু দিন আগে বদলী হন সহকারি কমিশনার(ভুমি) মাহমাদুল হাসান। বর্তমানে এসিল্যান্ডের পদটি এখনও শূন্য রয়েছে। এদিকে নবাগত ইউএনও এ,এফ,এম আবু সুফিয়ানের যোগদানের পর থেকে বিভিন্ন মহলে তাকে শুভেচ্ছা জানানো ও পরিচিতি সভায় অব্যাহত রয়েছে।গতকাল বুধবার উপজেলা প্রশাসনের কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪শে নভেম্বর) বৃহস্পতিবার বিকেল তিনটার সময় বাগমারা প্রেসক্লাবের সদস্যদের সাথে ইউএনও’র কার্যালয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এ,এফ,এম আবু সুফিয়ান ৩৩তম বিসিএস পাশ করে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ময়মনসিংহ জেলার বাসিন্দা এই কর্মকর্তা এর আগে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় ইউএনও হিসাবে দেড়বছর দায়িত্ব পালন করেন। এর পর তিনি প্রশাসনিক দক্ষতা অর্জনের জন্য সরকারি স্কলারসীপ নিয়ে এক বছর ইংল্যান্ডে অতিবাহিত করেন। সেখান থেকে ফিরে এসে তিনি বাগমারার ইউএনও হিসাবে দায়িত্বভার গ্রহন করলেন।

আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা প্রতিনিধিঃ 

























