চলতি বছর একগুচ্ছ সিনেমা নিয়ে বড় পর্দায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন টলিউড সুপারস্টার দেব। বছরের শুরুতেই নিজের আগামী ছবিগুলোর কথা ঘোষণা করে দিয়েছিলেন অভিনেতা। ফলে ২০২৬ সালকে ঘিরে তার অনুরাগীদের প্রত্যাশাও ছিল অনেকটা বেশি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই পরিকল্পনা। আপাতত চলতি বছরে দেবের তিনটি ছবি নয়, দর্শকের সামনে আসছে মাত্র দু’টি ছবি। ‘টনিক ২’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিজেই জানিয়েছেন অভিনেতা।
দেবের ঘোষিত ছবির তালিকায় ছিল ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, ‘দেশু ৭’ এবং ‘টনিক ২’। এর মধ্যে ‘দেশু ৭’ দুর্গাপূজায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। অন্যদিকে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র মুক্তির দিনও সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। একই সময়ে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তির পরিকল্পনা থাকায় দুই ছবির মধ্যে যাতে সংঘাত না হয়, সেই কারণেই দেবের ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ‘খাদান ২’ নিয়েও দর্শকদের মধ্যে জল্পনা থাকলেও আপাতত সেই ছবির মুক্তি নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা নেই।
এই সিদ্ধান্তের নেপথ্যের কারণও স্পষ্ট করেছেন দেব। ‘দাদাগিরি’রর মঞ্চে এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, ইন্ডাস্ট্রির অন্য কোনো ছবির সঙ্গে তার ছবির মুক্তি নিয়ে অপ্রয়োজনীয় সমস্যা তৈরি হোক, তিনি চান না। দেবের কথায়, ‘আমি চাই না আমার শো নিয়ে কোনও সমস্যা হোক। একইভাবে আমার সিনেমা নিয়েও কোনও সমস্যা তৈরি হোক, সেটাও চাই না।’
দেব জানান, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রযোজক যখন তার সঙ্গে কথা বলেন, তখন ছবির মুক্তি পিছিয়ে দিতে তিনি কোনও আপত্তি করেননি। অভিনেতার কথায়, ‘প্রযোজক আমার সঙ্গে কথা বলেছিলেন। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, হ্যাঁ, কোনও অসুবিধা নেই। ছবি পিছিয়ে দেওয়া হোক। কারও যাতে কোনো সমস্যা না হয়, সেটাই আমি চেয়েছি।’ অর্থাৎ বক্স অফিসে মুখোমুখি সংঘাত এড়িয়ে প্রত্যেক ছবিকে নিজের মতো করে দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ দেওয়াই তার লক্ষ্য। অন্যদিকে ‘টনিক ২’ নিয়ে দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। ছবিটি চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু দেব জানিয়েছেন, সেই পরিকল্পনা বাতিল হয়েছে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 


















