চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর শাখা মরা পদ্মা বিলে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো—চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে মরা পদ্মা বিলে গোসল করতে নামে। একপর্যায়ে তারা একে একে পানিতে ডুবে যেতে থাকে। বিষয়টি স্থানীয় এক ব্যক্তি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় পাঁচ শিশুকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পাঁচ শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























