দক্ষিণ ভারতের জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’। এই সিরিজের নতুন গল্পটি মুক্তি পাবে ‘কাঞ্চনা ৪’ নাম নিয়ে, যার কাজ শুরু হয়েছিল গেল বছর। ছবিটিতে নোরা ফাতেহিকে দেখা যাবে সহনায়িকার ভূমিকায়। এর প্রধান নায়িকা পূজা হেগ। যথারীতি এই সিরিজের মূল চরিত্রে রাঘব লরেন্স থাকছেন। ছবিতে অভিনয় করতে গিয়ে ভাষাগত সমস্যায় পড়েছিলেন নোরা, যা তিনি অকপটে স্বীকার করেছেন। বলেছেন, ‘ভাষা সব সময়ই একটি চ্যালেঞ্জ, তবে আমি চ্যালেঞ্জ ভালবাসি। হিন্দি, তেলুগু, মালায়ালমে খাপ খাইয়ে নিয়েছি, আর এবার এটা তামিলে, যা এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন। তাই আমি ছবিটির জন্য অতিরিক্ত সময় ব্যয় করে ডায়লগ ও উচ্চারণের ওপর কাজ করছি।’
‘কাঞ্চনা ৪’ মূলত এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব হিসেবে হাজির হচ্ছে। শুটিং শুরুর সময় বলা হয়েছিল, এটি মুক্তি পাবে চলতি বছরে। কিন্তু এখন পর্যন্ত মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ ভারতের কিছু সংবাদমাধ্যম জানিয়েছেÑ ছবিটি ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে। ‘কাঞ্চনা’ সিরিজের পূর্ববর্তী সিনেমাগুলো হলো মুনি (২০০৭), কাঞ্চনা (২০১১), কাঞ্চনা ২ (২০১৫), কাঞ্চনা ৩ (২০১৯)।
কাঞ্চনা ফ্রাঞ্চাইজি ছাড়াও চলতি বছর নোরা ফাতেহি অভিনয় করেছেন কন্নড় ছবি ‘কেডি : দ্য ডেভিল’-এ। পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘সাইড হিরোস’ নামের আরও একটি সিনেমায়। এর মধ্যে কেডি মুক্তির পর নোরার অভিনীত চরিত্র সেনোরিটা বেশ আলোচনায় এসেছে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























