সংখ্যা সংক্রান্ত বা গাণিতিক হিসাব-নিকাশ করতে চরম জটিলতার মুখে পড়েন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই সমস্যার কথা প্রকাশ করে তিনি জানান, তিনি ‘ডিসক্যালকুলিয়া’ নামক একটি বিশেষ শিক্ষণজনিত সমস্যায় (লার্নিং ডিসঅ্যাবিলিটি) ভুগছেন।
যাকে সাধারণ কথ্য ভাষায় অনেকেই ‘গণিতের ডিসলেক্সিয়া’ বলে থাকেন। এই সমস্যার কারণে সংখ্যা বোঝা এবং গাণিতিক হিসাব করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে।
নিজের আর্থিক বিষয় ও বিনিয়োগ নিয়ে কথা বলতে গিয়ে তারা সুতারিয়া জানান, জমি-বাড়িতে বা রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করতে তিনি পছন্দ করলেও টাকাপয়সার গাণিতিক দিকগুলো সামলাতে তাকে প্রায়ই তার বাবার সাহায্য নিতে হয়। একজন নারী হিসেবে ব্যাংক ও কাগজের কাজ নিজে বোঝা জরুরি মনে করলেও, গাণিতিক ভুলের কারণে তিনি একা সবটা সামলাতে পারেন না।
বিনিয়োগ প্রসঙ্গে তিনি আরো জানান, এ বিষয়ে বন্ধুদের পরামর্শ নেওয়ার পাশাপাশি তিনি নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করছেন। উল্লেখ্য, গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর দ্য গ্রোন-আপস’ ছবিতে দেখা গিয়েছে তারা সুতারিয়াকে। এই ছবিতে তার সাথে আরো অভিনয় করছেন ইয়াশ, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















