‘টক্সিক : অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার গান ‘তাবাহি’ প্রকাশের পর যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন কিয়ারা আদভানি। বিশেষ করে বিবাহিত ও সদ্য মা হওয়া একজন অভিনেত্রী কেন এমন দৃশ্যে অভিনয় করেছেন—এমন প্রশ্নও তুলেছেন অনেকে।
এবার কিয়ারার পাশে দাঁড়িয়ে সেই সমালোচনার জবাব দিলেন সিনেমাটির সহ-অভিনেত্রী হুমা কুরেশি।
হুমার মতে, কিয়ারাকে যেভাবে ট্রলের শিকার হতে হয়েছে, একই দৃশ্যে অভিনয় করা যশকে সেভাবে সমালোচনার মুখে পড়তে হয়নি। অথচ দুজনই বিবাহিত এবং দুজনেরই সন্তান রয়েছে। বিষয়টিকে দ্বৈত মানসিকতার উদাহরণ হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে কিয়ারাকে নিয়ে হওয়া সমালোচনার প্রসঙ্গে হুমা বলেন, ‘অভিনেত্রীকে নিয়ে সমালোচনা খুবই অসুস্থ ও জঘন্য বিষয়। তবে আমি বিশ্বাস করি, এই সিনেমার নারীরা শেষ পর্যন্ত হাসবেন। কারণ মানুষের মানসিকতা কথায় বদলানো যায় না। তাই আমি চাই, সিনেমাটা সব প্রশ্নের উত্তর দিক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমার ভাই ও অভিনেতা সাকিব সালিমও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়ারাকে নিয়ে হওয়া সমালোচনার নিন্দা জানিয়ে তিনিও বলেন, ‘এরা কারা? আমার মনে হয় বাস্তবের পৃথিবী অনেক বেশি মানবিক, কিন্তু ইন্টারনেট নয়।’
সম্প্রতি মুক্তি পাওয়া ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কিয়ারার ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুলতে থাকেন অনেকে। বিশেষ করে বিয়ের পর এবং সন্তান জন্ম দেওয়ার পর এমন দৃশ্যে অভিনয় করা নিয়ে তাকে কটাক্ষ করা হয়।
তবে একই দৃশ্যে অভিনয় করা যশকে এ ধরনের সমালোচনার মুখে পড়তে হয়নি বলেই মনে করছেন হুমা। বরং কিয়ারাকে ঘিরে ওঠা সমালোচনাকে নারী-পুরুষের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গির পার্থক্য হিসেবেই দেখছেন তিনি।
শুধু কিয়ারাই নন, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকেও। কিয়ারার ব্যক্তিগত জীবন ও তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে অনেকে সিদ্ধার্থের ইনস্টাগ্রাম পোস্টেও মন্তব্য করেছেন।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক : অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার মাধ্যমে ‘কেজিএফ’ সিরিজের পর বড় পর্দায় ফিরছেন যশ। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত ও হুমা কুরেশি। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























