ভালোবাসার মানুষকে দেখলে নারীর মুখ লাল হয়ে যায়! বিজ্ঞান বলে—অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব, রক্তনালীর প্রসারণ, স্নায়ু উত্তেজনার কারণে এমনটা ঘটে থাকে। এবার বিজ্ঞানের এই থিওরির বাস্তব প্রমাণ পাওয়া গেল নোরা ফাতেহির চোখে-মুখে। কারণ কথিত ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল এই অভিনেত্রী।
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, মরক্কোর তারকা ফুটবলার ইয়াসিন বুনুর সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। নানা সময়ে তাদের একসঙ্গে দেখাও গেছে। তবে এ নিয়ে টুঁ-শব্দও করেননি তিনি। অপেক্ষার অবসান ঘটিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নোরা ফাতেহি।

দুবাইয়ের ভার্জিন রেডিওর ‘দ্য ক্রিস ফেড শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নোরা ফাতেহি। এ আলাপচারিতায় ফুটবলার ইয়াসিনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হয়। হাসিমুখে নোরা ফাতেহি বলেন—“ওহ, হ্যাঁ। সে আমার বন্ধু।” বিস্তারিত জানতে চাইলে ইয়াসিনের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, “আমি মনে করি, সে অসাধারণ একজন মানুষ।” এসময় লজ্জায় লাল হয়ে যান নোরা। অভিনেত্রীকে লজ্জা পেতে দেখে অনুষ্ঠানের সঞ্চালক মজা করে জানতে চান—হঠাৎ আপনি কেন লজ্জা পাচ্ছেন?
এরপর নোরা ফাতেহি বলেন, “সে অসাধারণ একজন মানুষ। বিশ্বের সেরা গোলরক্ষক। তাকে নিয়ে আমি খুবই গর্বিত। আমি সবসময় তার সাফল্য উদযাপন করি। তবে হ্যাঁ, সে আমার খুব ভালো বন্ধু।”

আলোচনার একপর্যায়ে অনুষ্ঠানের সহ-সঞ্চালক প্রীতি মালিক বলেন, “আমার মনে হয়, আপনাদেরকে জুটি হিসেবে দারুণ মানাবে।” এই মন্তব্য শোনার পর নোরা ফাতেহি আরো বেশি লজ্জা পান। তারপর নোরা ফাতেহি বলেন, “ইয়াসিন বুনুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় হলেও কয়েক মাস আগে আবার যোগাযোগ শুরু হয়েছে।” এ সময়ের ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল।

গত কয়েক মাস ধরেই নোরা ফাতেহি ও মরক্কোর এই গোলরক্ষককে ঘিরে প্রেমের গুঞ্জন চলছে। কাসাব্লাঙ্কার এইন ডিয়াব এলাকায় তাদের একসঙ্গে দেখা যায়। ‘আফরিকা কাপ অব ন্যাশন-২০২৫’ বা ‘আফকন-২০২৫’ ফুটবল ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। কারণ এ ম্যাচে খেলেন নোরার প্রিয় মানুষটিও। তারপর থেকে এ জুটির প্রেমের জল্পনা আরো জোরালো হয়। তবে সম্পর্কের বিষয়টি এখনো স্বীকার করেননি নোরা কিংবা ইয়াসিন।

নোরা ফাতেহির মা–বাবা দুজনই মরক্কোর। তবে তার জন্ম আর বেড়ে ওঠা কানাডায়। ক্যারিয়ার গড়েছেন ভারতে। যদিও নিজেকে মরোক্কান হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন এই অভিনেত্রী, নৃত্যশিল্পী।
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড়পর্দায়ই নয়, ছোটপর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি। ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার মাধ্যমে চলতি বছর কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে নোরা ফাতেহির। তামিল ভাষার ‘কাঞ্চনা ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে। তাছাড়া রজনীকান্তের ‘জেলার টু’ সিনেমার আইটেম গানেও তাকে দেখা যেতে পারে।
*সিয়াসাত ডটকম অবলম্বনে

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















